ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬:
ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার, সংরক্ষিত মহিলা আসন-১৬-এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।
কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিজয়-২৪ হলের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় আমলকি, রামবুটান ও অ্যাভোকাডো ফলের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং ডেঙ্গু প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু এককালীন অভিযান পরিচালনা যথেষ্ট নয়; বরং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, সম্ভাব্য মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা জরুরি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১