শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর
ঢাকা, ২৫ আগস্ট ২০২৬: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড (HDCL)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অ্যালামনাই সদস্যদের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ, কৃষি অনুষদের ডিন, আইসিটি'র পরিচালক, প্রক্টর , পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা, শিক্ষক, গবেষক, কর্মকর্তা এবং হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড (HDCL)-এর করপোরেট সেলের টিম লিডার ফারহানা শারমীন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম এবং হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের পক্ষে হেড অফ এইচডিসিএল এর উম্মুল খায়ের ফাতেমা খান মজলিস সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক অনুযায়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা এ সুবিধার আওতায় থাকবেন। এছাড়াও অ্যালামনাই সদস্যদের নির্ভরশীল পরিবারের সদস্যরা—মাতা-পিতা, স্বামী/স্ত্রী, সন্তান এবং শ্বশুর-শাশুড়িও (শুধুমাত্র পিতা ও মাতা) এই সুবিধা ভোগ করতে পারবেন।
চুক্তির আওতায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য বিভিন্ন বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করবে। এর মধ্যে রয়েছে নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প ও সচেতনতামূলক কর্মসূচি, অ্যাম্বুলেন্স ও হোম স্যাম্পল কালেকশন সেবা এবং ভ্যাকসিনেশন সেবা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বিশেষ এক্সিকিউটিভ হেলথ চেক-আপ প্যাকেজ চালু করা হয়েছে। এ প্যাকেজে ব্যক্তিগত পরীক্ষার প্রচলিত মূল্যের তুলনায় প্রথমে ৩৫ শতাংশ মূল্যছাড় এবং করপোরেট অংশীদার হিসেবে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়সহ মোট ৪৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ থাকবে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, এই সমঝোতা স্মারক বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য মানসম্মত, সাশ্রয়ী এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এ অংশীদারিত্ব কার্যকর অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এই সমঝোতার মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের মধ্যে একটি টেকসই ও ফলপ্রসূ সহযোগিতার সূচনা হলো, যা বিশ্ববিদ্যালয় পরিবারের সার্বিক স্বাস্থ্যসেবা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১