শেকৃবি সাংবাদিক সমিতির নিউজ পোর্টাল উদ্বোধন ও ‘বর্ষসেরা সাংবাদিক’ সম্মাননা প্রদান

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) নিজস্ব নিউজ পোর্টাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শুক্রবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই পোর্টালের উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে পেশাগত দক্ষতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ‘ সিরাজউদ্দৌলা আরাফাতকে বর্ষসেরা সাংবাদিক-২০২৫’ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, শেকৃবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নিজামুল হক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি কামরুল ইসলাম সজল। প্রধান অতিথি বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে নিজস্ব নিউজ পোর্টাল চালুর মাধ্যমে শেকৃবি সাংবাদিক সমিতি এক নতুন উচ্চতায় পৌঁছাল। এটি বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।" তিনি নবীন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এই আয়োজনে শুভেচ্ছা বক্তব্য ও নিউজ পোর্টালের প্রেজেন্টেশন শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে পোর্টালটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর ২০২৫ সালের সেরা সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে চা-চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক তাসনিম আহমেদ তানিমসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন ।

Share: